নিজস্ব প্রতিনিধি: গণেশ বন্দনায় উৎসবের আমেজ গোপীবল্লভপুর-২ ব্লকের রান্টুয়া বাজারে। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পুজো কমিটির উদ্যোগে এবছর সপ্তম বর্ষে পদার্পণ করল রান্টুয়া বাজারের গণেশ পুজো।
গত সোমবার এই পুজোর উদ্বোধন করেছেন গোপীবল্লভপুর-২ ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাহুল বিশ্বাস, বেলিয়াবেড়া থানার ওসি নীলু মন্ডল, বিশিষ্ট সমাজসেবী তাপস সুঁই- অন্যান্যরা। পুজোর পাশাপাশি তিন দিনব্যাপী চলবে বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান।
সময়ের সঙ্গে সঙ্গে এই পুজোতে ঘিরে স্থানীয় মানুষদের উত্তেজনা ও প্রত্যাশা দুই বেড়েছে। যার প্রশংসা করেছেন পুজোর উদ্বোধনে আসা বিশিষ্ট ব্যক্তিরা। গোপীবল্লভপুর-২ ব্লকের বিডিও রাহুল বিশ্বাসের কথায়, রান্টুয়া বাজারের এই গনেশ পুজা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় এলাকার মানুষের পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি সরকারের সমস্ত নির্দেশিকা ও নিয়ম মেনে পুজা পরিচালনা করার আবেদন জানিয়েছেন তিনি।

একই কথা বলেছেন বেলিয়াবেড়া থানার ওসি মিলু মন্ডল। তাঁর কথায় উৎসবের আনন্দে যেন কোনভাবেই শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় তার দিকে সকলকে নজর রাখতে হবে। পুজোর দিনগুলিতে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য তিনি পুজো কমিটি এবং এলাকার বাসিন্দাদের কাছে আবেদন জানান।