নিজস্ব প্রতিনিধি : বর্ষার মৌসুম শেষ হতেই চোখ পাকাচ্ছে ডেঙ্গি। রাজ্যে এখনো পর্যন্ত প্রায় ৫ হাজার রোগী আক্রান্ত হয়েছেন মশা বাহিত এই রোগে। এমতাবস্থায় হাওড়াতেও বাড়ছে ডেঙ্গির প্রকোপ। যদিও পরিস্থিতি মোকাবেলা করতে তৎপর হাওড়া পুরসভা।
বিভিন্ন সূত্রে তথ্য অনুযায়ী, চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত হাওড়া জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২৫ জন। এর মধ্যে হাওড়া পুরসভা (HMC) এলাকায় গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৯৪ থেকে বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে।
যদিও পরিস্থিতির উপর নজর রাখছে হাওড়া পুরসভা। ইতিমধ্যেই প্রশাসনের তরফে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে হটস্পট এলাকাগুলিতে আলাদা গাইডলাইন দিচ্ছে পুরসভার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। শুরুতেই যেন ডেঙ্গির প্রকোপ কমানো যায় তার জন্য নালা ও ড্রেনে নিয়মিত মশা মারার তেল এবং স্প্রে করা হচ্ছে।
প্রসঙ্গত রাজ্যের ডেঙ্গি আক্রান্তের শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন মশাবাহিত এই রোগে। এরপরেই দ্বিতীয় স্থানে নাম রয়েছেন কলকাতার। শেষ পাওয়া খবর অনুযায়ী সেখানে প্রায় ৫০০-র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে উদ্বেগ বাড়াচ্ছেন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা। সেখানেও রোজ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এই অবস্থায় পুজোর আগে পরিস্থিতি স্বাভাবিক করতে কোমর বেঁধে মাঠে নেমেছে রাজ্য সরকার।