ওঙ্কার ডেস্কঃ যুদ্ধ আবহে দেশে জ্বালানি সঙ্কট। গ্যাসের আকালে এবার বড় ঘোষণা কেন্দ্রের। শনিবার কেন্দ্রের পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস মন্ত্রক এক নির্দেশিকায় জানিয়েছে, পাইপলাইন সংযোগ থাকলে সিলিন্ডার সংযোগ ছাড়তে হবে। নতুন করে কোনও রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা কিংবা পরিবেশকদের মাধ্যমে সিলিন্ডার রিফিল করা যাবে না। অর্থাৎ যে গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পেয়ে থাকেন, পাশাপাশি সিলিন্ডার গ্যাসেরও গ্রাহক। আপাতত তাঁরা সিলিন্ডার গ্যাস পাবেন না।
দেশে জ্বালানি সঙ্কট নেই বলে মোদী সরকার জানালেও, গ্যাসের অভাব ও মূল্যবৃদ্ধি নজরে পড়ছে। এদিকে কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ কর্তার দাবি, “আতঙ্কিত হয়ে বহু মানুষ একসঙ্গে বুকিং করছেন। এর ফলে আরও সমস্যা বাড়ছে। প্রয়োজন অনুযায়ী বুকিং করুন। যুদ্ধ আবহে একসঙ্গে ৮৮ লক্ষ বুকিং এসেছে। ফলে জটিলতা তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে বহু অসাধু ব্যবসায়ী সিলিন্ডারের কালোবাজারি করছেন। এগুলি রোধ করতে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে।”
উল্লেখ্য, পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস মন্ত্রক নির্দেশিকার পরেই ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি জানান, নতুন করে বেশ কয়েকটি ভারতীয় পতকাবাহী জ্বালানির জাহাজকে হরমুজ দিয়ে যাওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।
