ওঙ্কার ডেস্ক: রাজ্যে পালাবদলের পর অপরাধ দমনের জন্য গুন্ডাদমন বিল পাশ করিয়েছে বিজেপি সরকার। আগামী সোমবার থেকে গোটা রাজ্যে তা আইন হিসেবে লাগু হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রশাসনিক প্রধানের দাবি, এর পর থেকে আর কোনওদিন সামশেরগঞ্জ কিংবা ধুলিয়ানের মতো ঘটনা ঘটবে না।
‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’। যা সংক্ষেপে ‘গুন্ডাদমন বিল’ নামে আখ্যায়িত করেছে শাসকদল। গত ২৯ জুন রাজ্য বিধানসভায় তা পাশ হয়। বিলের খসড়ায় বলা হয়েছে, কমিশন চাইলে ক্ষতির প্রকৃত পরিমাণের চেয়েও দ্বিগুণ ক্ষতিপূরণ বা জরিমানা চাপাতে পারে। বিলে পুলিশকে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে। তোলাবাজি, সিন্ডিকেট রাজ, গুন্ডামি রুখতে নয়া বিল দাওয়াই হিসেবে কাজ করবে বলে মত বিজেপির।
প্রসঙ্গত, ২০১৯ সালে সিএএ আইন পাশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছিল। কোথাও কোথাও বিক্ষোভ থেকে উত্তেজনা ছড়িয়েছিল। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং হাওড়ায় ব্যাপক অশান্তি হয়। ট্রেন, বাস এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। বহরমপুরে দাঁড়িয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই পুরনো ঘটনা তুলে ধরে বলেন, ‘রেল, বাস জ্বালানো, পুলিশকে মারা – এসব অতীত। সামসেরগঞ্জ, ধুলিয়ানে যা হয়েছে, সেসব আর হবে না। হলেই কড়া ব্যবস্থা।’ আগামী সোমবার থেকেই রাজ্যজুড়ে গুন্ডাদমন আইন লাগু হবে বলে জানান তিনি।