ওঙ্কার ডেস্ক: এনকাউন্টারে মৃত্যু হল চার গ্যাংস্টারের। দীপক নন্দল গ্যাংয়ের সঙ্গে গুরুগ্রাম পুলিশের গুলি বিনিময়ের ফলে এই হতাহতের ঘটনা ঘটে। দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন তিন পুলিশকর্মীও।
রিপোর্ট অনুসারে, একটি গাড়িতে করে সশস্ত্র দুষ্কৃতীরা যাচ্ছিল। গোপন সূত্রে পুলিশ সেই খবর পাওয়ার পর সুশান্ত লোকের এ ব্লকের কাছে তাদেরকে আটকায়। সেই সময় গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হলে পুলিশও পালটা জবাব দেয়। এই সময়ে তিন পুলিশকর্মী আহত হন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দীপক নন্দল গ্যাংয়ের পাঁচ সদস্য গুরুগ্রামের এসজিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলে বিশাল বেরিকে পণবন্দি করে রেখেছিল। এদিন সেই দুষ্কৃতীদেরকে ঘিরে ফেলে পুলিশ গুলি চালায় নির্ভুল নিশানায়। সেই সময় গ্যাংস্টারদের মধ্যে থাকা চার জন নিহত হয় ও একজন জখম হয়। এই গোলাগুলিতে তিন পুলিশকর্মীও আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই এনকাউন্টারের পর ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। গুরুগ্রাম পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়ার পর ডিসিপি-ক্রাইম এবং ডিসিপি-ইস্ট ঘটনাস্থলে পৌঁছান। ফরেনসিক সায়েন্সেস ল্যাবরেটরির দলও ঘটনাস্থল পরিদর্শন করে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা চালায়। সেই সঙ্গে ওই দল প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করেছে তদন্তের জন্য। অপরাধীদের পরিচয়, অতীত রেকর্ড, উদ্ধার হওয়া অস্ত্র এবং অন্যান্য তথ্য যাচাই চলছে। তদন্তের পর অগ্রগতি পরে জানানো হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। বেরি এবং তাঁর পরিবারকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলেও জানান তদন্তকারীরা।