নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় স্বস্তি পেলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্জি খারিজ করে তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন বহাল রাখল আদালত। তবে জামিনের জন্য মন্ত্রীকে একাধিক শর্ত দিয়েছে আদালত তা মেনে চলতে হবে রাজ্যের কারা মন্ত্রীকে।
কি কি শর্ত দিয়েছে আদালত ? সূত্রের খবর, তদন্তকারী সংস্থা যখনই মন্ত্রীকে তলব করবে তখনই হাজিরা দিতে হবে তাকে। শুধু তাই নয়, তদন্তে সব ধরনের সহযোগিতাও করতে হবে মন্ত্রীকে। পাশাপাশি, ইডি কেও একাধিক শর্ত দিয়েছে আদালত। জানা গেছে, মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও জেরা পর্ব শেষ করতে হবে বিকেল পাঁচটার মধ্যে। ফলে রাতভর জেরা করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন বিপুল সম্পত্তি, তদন্তে অসহযোগিতা এবং প্রভাবশালী তত্ত্ব দিয়ে শনিবার রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সাত দিনের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছিল ইডি। সেই আবেদন খারিজ করে দিলেন বিচারক। প্রসঙ্গত, বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তখন প্রথম উঠে আসে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। এরপর চন্দ্রনাথের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে একাধিক অসঙ্গতিপূর্ণ লেনদেনের হদিস পায় ইডি।
ইডি-সূত্রে দাবি, প্রায় ১৫৯ জন প্রার্থীর কাছ থেকে গড়ে ৮ লক্ষ টাকা করে নিয়েছিলেন মন্ত্রী। অঙ্ক দাঁড়ায় প্রায় ১২.৭২ কোটি টাকা। কিন্তু এত বিপুল অর্থ কোথায় গেল জানতে চায় ইডি। যদিও তার কোনও উত্তর এখনও মেলেনি। এখন দেখার, তদন্ত প্রক্রিয়ায় মন্ত্রীর বিরুদ্ধে নতুন কোন তথ্য ইডি আদালতে হাজির করতে পারে কি না।
