স্ত্রীকে নিয়ে আর বাড়ি ফেরা হল না। নদিয়ার করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্বামী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর স্ত্রী।
জানা যাচ্ছে, সোমবার ঘটনাটি ঘটেছে করিমপুরের নতিডাঙা মোড় এলাকায়। মৃতের নাম জাহাঙ্গীর মণ্ডল (৪১)। বাড়ি করিমপুরের রামকৃষ্ণ পল্লী এলাকায়। তাঁর স্ত্রী সেলিনা বিবি পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন স্ত্রীকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। নতিডাঙা মোড়ে আসতেই একটি দ্রুতগতির বাস তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার পর দু’জনেই রাস্তায় পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হয়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহাঙ্গীর মণ্ডলের।
গুরুতর জখম সেলিনা বিবিকে স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এই ভয়াবহ দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পথ নিরাপত্তা নিয়ে গাফিলতির অভিযোগ তুলে নতিডাঙা মোড়ে প্রায় আধ ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটি সুখী পরিবারে আচমকা নেমে আসা এই বিপর্যয়ে শোকের ছায়া নেমেছে গোটা রামকৃষ্ণ পল্লী এলাকায়।