নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: সোমবার দিল্লির রাস্তায় শক্তি প্রদর্শনের পর মঙ্গলবার সন্ধ্যায় ইন্ডিয়া জোটের ঐক্যের ছবি ধরা পড়ল রাহুল গান্ধীর ‘সুনহেরি বাগ রোডে’র বাসভবনে। সূত্রের খবর, সেখানে চা-চক্রের ব্যবস্থা করা হয়েছিল। তাতে যোগ দিয়েছিলেন ইন্ডি জোটের একাধিক শরিক দল গুলি। এছাড়াও ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও। আড্ডায় আগামী দিনের রণকৌশল কী হবে, তা নিয়ে বহু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে দাবি সূত্রের।
এই বৈঠকে উপস্থিতির মাধ্যমে আসলে ঐক্যের বার্তাই দিতে চাইছে জোটের শরিক দলগুলো। জানা যাচ্ছে, গতকাল বৈঠকে ২২ জন সমাজবাদী পার্টির সাংসদ এবং উদ্ধব ঠাকরের শিবসেনা গোষ্ঠীর সাংসদরা হাজির ছিলেন, যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, সম্প্রতি এই দুই দলের বিরুদ্ধেই সংসদে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছিল।
গতকাল বৈঠকে মেজাজ ছিল চড়া। সোমবারের সফল প্রতিবাদ এবং তারপর সুপ্রিম কোর্টে স্মারকলিপি জমা দেওয়ার পর এই বৈঠককে ঘিরে চর্চা শুরু হয় বিভিন্ন রাজনৈতিক মহলে। বৈঠকে বিহার, উত্তরপ্রদেশ এবং বাংলার সাংসদরা আসন্ন দুর্গাপুজো নিয়ে আলোচনা করেন। সিদ্ধান্ত হয়, উৎসবের মরসুমে কয়েকদিন কোনও বিক্ষোভ বা ধর্না কর্মসূচি হবে না।