ওঙ্কার ডেস্ক: গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হল বিচারব্যবস্থা। সেই বিচার ব্যবস্থা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শদাতা সঞ্জীব সান্যালের বিরুদ্ধে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবী রোহিত পাণ্ডে এবং উজ্জ্বল গৌর।
ঠিক কী নিয়ে বলেছেন সঞ্জীব সান্যাল? গত ১৯ সেপ্টেম্বর দিল্লিতে ‘জেনারেল কাউন্সেলস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’র এক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সঞ্জীব সান্যাল। সেখানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, উন্নত ভারত হয়ে উঠতে এখনও আমাদের হাতে ২০-২৫ বছর সময় রয়েছে। দেশ স্বাধীন হওয়ার ১০০ বছর পূর্তিতে ভারতকে ‘উন্নত জাতি’ হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে মোদী সরকারের। আর এর পরেই তিনি বলেন, সেই পথে ‘সবচেয়ে বড় বাধা’ ভারতের বিচার ব্যবস্থা। পাশাপাশি, আদালতের বিচারপতি ও কর্মীদের ছুটির বিষয়েও মন্তব্য করেন তিনি। সান্যালের কথায়, ‘যে কোনও ক্ষেত্রের মতো দেশের বিচার ব্যবস্থাও মানুষের সেবায় নিয়োজিত। চিকিৎসকরা গরমের ছুটি, দশেরা, শীতের ছুটিতে হাসপাতাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলে তা কি গ্রহণযোগ্য? আদালতের জন্য কেন তা হবে?’ এই মন্তব্যের পর প্রধানমন্ত্রী মোদীর আর্থিক পরামর্শদাতা পরিষদের সদস্যকে নিয়ে বিতর্ক তৈরি হয়।
সান্যালের এই মন্তব্যের পর সুপ্রিম কোর্টের আইনজীবী রোহিত পাণ্ডে এবং উজ্জ্বল গৌর তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের উদ্যোগ শুরু করেছে। ১৯৭১ সালের আদালত অবমাননা আইনের ১৫ ধারা অনুযায়ী, কোনও সরকারি পদাধিকারীর বিরুদ্ধে অবমাননার মামলা করতে হলে অ্যাটর্নি জেনারেলের অনুমতি নেওয়া প্রয়োজন। সেইমতো অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানির কাছে আবেদন আইনজীবীরা।
