ওঙ্কার ডেস্ক: ‘ভাল’ রিল তৈরির জন্য আইফোনের প্রয়োজন বলে মনে করেছিল দুই নাবালক। আর তা পেতে এক যুবকের গলা কেটে খুন করল তারা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায়। ওই ব্যক্তিকে খুন করার পর তাঁর কাছ থেকে আইফোনটি চুরি করেছে অভিযুক্তরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই নাবালক এক যুবকের গলা কেটে খুন করেছে। শুধু তাই নয় তারা ওই ব্যক্তির মাথা পাথর দিয়ে থেঁতলে দিয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। আরও তদন্ত চলছে। জানা গিয়েছে, বেঙ্গালুরুর বাসিন্দা ১৯ বছর বয়সী শাদাব তার মামার বিয়েতে যোগ দিতে বাহরাইচের নাগৌরে তার পৈতৃক গ্রামে এসেছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ প্রসাদ কুশওয়াহা জানিয়েছেন, ২০ জুন রাতে এই হত্যাকাণ্ড ঘটে। সংবাদ সংস্থাকে এক আধিকারিক বলেন, ‘২১ জুন শাদাব নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া যায় এবং সেদিনই গ্রামের বাইরে একটি পেয়ারা বাগান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার জরা হয়। শাদাবের গলা ছুরি দিয়ে কেটে ফেলা হয়েছিল এবং তার মাথা ইট দিয়ে আঘাত করা হয়েছিল।’
এই ঘটনার তদন্তে নেমে শনিবার ১৪ এবং ১৬ বছর বয়সী দুই কিশোরকে আটক করেছে পুলিশ। ওই আধিকারিক বলেন, ‘জিজ্ঞাসাবাদের সময় দুই কিশোর অপরাধ স্বীকার করেছে। ভাল রিল তৈরির জন্য একটি উচ্চ মানের মোবাইল ফোনের প্রয়োজন ছিল তাদের। শাদাবের আইফোন থাকার কারণে তারা চার দিন আগে হত্যার পরিকল্পনা করেছে বলে স্বীকার করেছে।’ ইতিমধ্যে পুলিশ শাদাবের আইফোন, হত্যায় ব্যবহৃত ছুরি এবং ইট উদ্ধার করেছে।
