ওঙ্কার ডেস্ক: মার্কিন মুলুকে এক ভারতীয় বংশোদ্ভূত গবেষকের রহস্যমৃত্যু। ক্যালিফোর্নিয়ার বিগ পাইন লেকস এলাকায় একা ঘুরতে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন ওই পিএইচডি গবেষক। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা-র ছাত্র ছিলেন তিনি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিখোঁজ থাকার পর ইনয়ো ন্যাশনাল ফরেস্ট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। ইউসিএসবি-র কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই পিএইচডি গবেষকের নাম বিক্রম মুবায়ি।
পরিবারের দাবি, ওই গবেষক সর্বশেষ ১ আগস্ট রাত সাড়ে ৮টা নাগাদ যোগাযোগ করেছিলেন। হাইকিংয়ের সময় নিজের জিপিএস অবস্থান জানিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে ফিরে না আসায়, উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের লোকজন। তাঁর সঙ্গে যোগাযোগ না হওয়ায় অবশেষে পুলিশের কাছে নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। এরপর ইনয়ো কাউন্টি সার্চ অ্যান্ড রেসকিউ এবং ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। ৩ আগস্ট সন্ধ্যায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে কী ভাবে মৃত্যু হল সে বিষয়ে এখনও পুলিশের তরফে কিছু জানানো হয়নি। কোনও অপরাধমূলক ঘটনারও ইঙ্গিত মেলেনি।
রিপোর্ট অনুসারে, মুবায়ি হংকংয়ে জন্মগ্রহণ করেন। সেখানেই তাঁর বেড়ে ওঠা। তাঁর পরিবার তাঁকে ‘অভিজ্ঞ হাইকার’ হিসেবে অভিহিত করেছে। জীবিত অবস্থায় মুবায়ি নিজের লেখালিখিতে জানিয়েছিলেন তিনি খেলাধুলা এবং ‘খোলা আকাশের নিচে সময় কাটাতে’ ভালোবাসেন। তিনি উল্লেখ করেছিলেন, ‘হাঁটা শেখার পরই’ তাঁর মা তাকে হাইকিং ও টেনিসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি অভিজ্ঞ সাইক্লিস্টও ছিলেন।