ওঙ্কার ডেস্ক: টাকার অভাবে মেয়ের জন্য ইনসুলিন কিনতে পারেননি। আর সে কারণে ফেসবুকে ভিডিও প্রকাশ করে আত্মঘাতী হলেন উত্তর প্রদেশের এক ব্যক্তি। নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন তিনি। উত্তরপ্রদেশের লখনউতে এই ঘটনা ঘটেছে। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী ব্যক্তিটি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বাজারে প্রচুর দেনা ছিল তাঁর। ফেসবুকে একটি লাইভ ভিডিও করার পর নিজেকে গুলি করে আত্মঘাতী হন তিনি। ভিডিওতে ওই ব্যক্তি তাঁর ডায়াবেটিস আক্রান্ত মেয়ের জন্য ইনসুলিন ইনজেকশন কেনার অক্ষমতার কথা বলে কান্নায় ভেঙে পড়েন। পুলিশের তরফে আত্মঘাতী ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। অফিসের এক নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মঘাতী হন তিনি। মৃত্যুর কিছুক্ষণ আগে যে লাইভ ভিডিওটি ফেসবুকে করেছেন ওই ব্যক্তি, সেখানে সেলিব্রিটি এবং শিল্পপতিদের কাছে আর্জি জানিয়েছেন তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তিনি জানান, ঋণ এবং আর্থিক দায়িত্ব তিনি সহ্য করতে পারছেন না।
ওই ব্যক্তি যখন ফেসবুক লাইভ করেন, আত্মীয় পরিজনরা তা দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে ততক্ষণে সব শেষ। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি তীব্র আর্থিক চাপের মধ্যে ছিলেন এবং গত কয়েক বছর ধরে কয়েক কোটি টাকার ঋণ হয়েছিল তাঁর। এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা রক্ষীর অস্ত্র কী ভাবে ওই ব্যক্তি ব্যবহার করলেন তাও খতিয়ে দেখছে পুলিশ।
