ওঙ্কার ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ‘হরমুজ প্রণালী’-র নাম বদলের প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক জলপথের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রণালীর নাম ‘ট্রাম্প প্রণালী’ রাখার প্রস্তাব দিয়েছেন তিনি। নিজের মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, ‘এখন যেহেতু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তাই আমাদের কি হরমুজ প্রণালীর নাম বদলে ‘ট্রাম্প প্রণালী’ রাখা উচিত??? আমেরিকার মতোই এটি আগের চেয়ে অনেক বেশি ‘উত্তপ্ত’ হয়ে উঠবে!’
ভৌগোলিক কোনও জায়গার নাম বদলের ক্ষেত্রে এটি ট্রাম্পের সর্বশেষ প্রস্তাব। এর আগে কানাডার সঙ্গে বাণিজ্য যুদ্ধের সময় তিনি ‘লেক অন্টারিও’-র নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দিয়েছিলেন। এছাড়া ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ট্রাম্প ‘গালফ অফ মেক্সিকো’ বা মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অফ আমেরিকা’ বা আমেরিকা উপসাগর করার কথা ঘোষণা করেন। এর আগে নাম পরিবর্তনের যেসব প্রস্তাব তিনি দিয়েছিলেন, তার অনেকগুলো ক্ষেত্রেই মার্কিন প্রেসিডেন্ট কৌতুক করছেন বলে মনে করা হয়েছিল; কিন্তু পরবর্তীতে তিনি সত্যিই সেগুলো বাস্তবায়নের পথে এগিয়েছেন।
সম্প্রতি ট্রাম্প বারবার হরমুজ প্রণালীর ওপর সার্বভৌমত্ব দাবি করেছেন। এমনকি তিনি একটি মানচিত্রও প্রকাশ করেছিলেন যেখানে এই জলপথকে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’ হিসেবে দেখানো হয়েছিল। তবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইজরায়েলের সঙ্গে মিলে ইরানে যে হামলা ট্রাম্প শুরু করেছিলেন, তার জবাবে তেহরান এই জলপথটি কার্যত বন্ধ করে দেয়। বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।