ওঙ্কার ডেস্ক: বৃষ্টি থামার নামই নেই বঙ্গে। বৃহস্পতিবার ভোর রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির হাত থেকে রেহাই নেই উত্তরবঙ্গের জেলাগুলীরও।
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই বাংলার উপর থেকে সরে গিয়েছে। আপাতত সেটি মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে। তবে এখনও নিম্নচাপের শক্তিক্ষয় না হওয়ায় রাজ্যে বৃষ্টি লেগেই রয়েছে।
বৃহস্পতিবার সারাদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাতাসের নিম্নস্তরে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ রেখা রয়েছে। পাশাপাশি রয়েছে মৌসুমি অক্ষরেখাও। যার প্রভাবে অন্তত আগামী ২ দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলছে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।