ওঙ্কার ডেস্ক: কিরগিজস্তানের বিশকেকে ২৬তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৈঠক করেন। সেই বৈঠকের পর ভারত ও ইরানের মধ্যে কোনও বাণিজ্য চুক্তি হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। এই আবহে সতর্কবার্তা দিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। বিভিন্ন দেশকে সতর্ক করে তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ইরানকে সাহায্য করবে যে দেশ তারাও যুক্তরাষ্ট্রের শাস্তির মুখে পড়তে পারে।
প্রধানমন্ত্রী মোদী ও পেজেশকিয়ানের বৈঠকের পর নয়াদিল্লি ও তেহরান একটি বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছে বলে যে খবর ছড়িয়েছে, তার প্রেক্ষিতেই রুবিও এই মন্তব্য করেন। এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘আমার মনে হয় না ভারত ও ইরানের মধ্যে কোনও বাণিজ্য চুক্তি হচ্ছে।’ তিনি মেনে নেন, বিভিন্ন দেশ নিজস্ব বিদেশনীতি অনুসরণ করে তেহরানের সঙ্গে যোগাযোগ বজায় রাখে। এমনকি খোদ ওয়াশিংটনও ইরান সরকারের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে বলে মন্তব্য করেন রুবিও। তিনি বলেন, ‘প্রতিটি দেশ নিজস্ব বিদেশনীতি তৈরি করে এবং বিশ্বের অনেক দেশই ইরান সরকারের সঙ্গে আলোচনা করে। আসলে, আমরাও ইরানি সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছি—বিভিন্ন আলোচনার সূত্রে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে।’
তবে রুবিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের হুঁশিয়ারি উল্লেখ করে সতর্ক করেন, কোনও দেশেরই নিষেধাজ্ঞা এড়াতে তেহরানকে সাহায্য করা উচিত নয়। তিনি বলেন, ‘আমার মনে হয় শেষ পর্যন্ত বিষয়টি হলো—এবং প্রেসিডেন্টও এ ব্যাপারে অত্যন্ত স্পষ্ট—কোনও দেশেরই ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করা উচিত নয়।’