ওঙ্কার ডেস্ক: বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে মহানায়ক উত্তম কুমার। ৩ সেপ্টেম্বর জন্মশতবর্ষে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক’দিন আগে ‘মন কি বাত’ অনুষ্ঠানেও তারকাকে শ্রদ্ধা জানিয়েছিলেন মোদী। বৃহস্পতিবার নিজের সমাজ মাধ্যমে মন কি বাতের ভিডিও শেয়ার করে আরও এক বার মহানায়ককে স্মরণ করলেন তিনি।
রবিবার ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্বে নরেন্দ্র মোদী বলেন, রাজ্যে একবার নির্বাচনের প্রচারে রোড শো করার সময় উত্তমকুমারের বাড়ির পাশ দিয়ে গিয়েছিলেন। সেই সময়ে তাঁকে মহানায়কের একটি ছবি কেউ উপহার দিয়েছিলেন। সেই স্মৃতি এখনও তাঁর মনে রয়েছে। প্রধানমন্ত্রী বলেন এই বাঙালি তারকা মানুষের হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছেন। তাঁর ব্যক্তিত্ব, পর্দায় উপস্থিতি এবং চরিত্রকে জীবন্ত করে তোলার ক্ষমতা অমর করে রেখেছে তাঁকে। ‘মহানায়ক উত্তমকুমার চিরদিন মানুষের হৃদয়ে রাজ করবেন।’ বলে মন্তব্য করেছিলেন মোদী।
উত্তম কুমার যে কেরিয়ারের প্রথম দিকে ব্যর্থ হয়ে তবুও ঘুরে দাঁড়িয়েছিলেন, সে কথা মনে করিয়ে দেন দেশবাসীকে। প্রধানমন্ত্রী জানান, প্রথম দিকে উত্তমকুমারের কয়েকটি ছবি সফলতার মুখ দেখেনি। সেই সময় তাঁকে ‘ফ্লপ মাস্টার জেনারেল’ বলে কটাক্ষ করা হয়েছিল। কিন্তু ব্যর্থতায় ভেঙে না পড়ে নিজের অভিনয়কে আরও নিখুঁত করার চেষ্টা চালিয়ে যান তিনি। কঠোর পরিশ্রম, অধ্যবসায় শেষ পর্যন্ত তাঁকে বাংলা সিনেমার মহানায়কের আসনে বসিয়েছে। তিনি বলেন মহানায়কের জীবন থেকে পাওয়া শিক্ষা হল—কখনও হাল ছেড়ে না দিয়ে এগিয়ে যেতে হবে।