ওঙ্কার ডেস্ক: ফের সংবাদ শিরোনামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্যাক স্ট্রিটের অফিস। বৃহস্পতিবার ভোরে একদল দুষ্কৃতী তৃণমূল সাংসদের ওই কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। ভোর সাড়ে ৪টে নাগাদ এই ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ঘাসফুল শিবিরের। শুধু ভাঙচুর নয়, দফতরে থাকা কর্মীদের মারধরও করা হয়েছে। তৃণমূলের তরফে এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হলেও তা অস্বীকার করেছে পদ্ম শিবির।
হামলার সঙ্গে যুক্ত প্রত্যেককে গ্রেফতারের দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘কারা এই হামলার পরিকল্পনা করেছে, কারা সংগঠিত করেছে এবং কার নির্দেশে এই সন্ত্রাস চালানো হয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্ত চাই। একই সঙ্গে বার বার বলা সত্ত্বেও পুলিশ কেন সময় মতো ব্যবস্থা নিল না, তারও জবাবদিহি করতে হবে।’ যদিও ভাঙচুরের ঘটনায় তদন্তে নেমে এখনও পর্যন্ত ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতর থেকে কলকাতা পুরসভার আধিকারিকেরা একটি বিলবোর্ড খুলে ফেলেন। যা নিয়ে শোরগোল হয়। সেই বিলবোর্ড অবৈধ ভাবে বসানো হয়েছে বলে অভিযোগ প্রশাসনের। পুরসভার দাবি, বিলবোর্ডটি বিপজ্জনক ভাবে ঝুলছিল। তাই তা খুলে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু অভিষেক এবং তাঁর অনুগামীরা পুরকর্মীদের কাজে বাধা দেন বলে অভিযোগ ওঠে। তার মধ্যেই গত সোমবার ওই দফতরে দমকল এবং পুলিশ যায়। কোনও ‘অবৈধ’ নির্মাণ হয়েছে কি না, তা খতিয়ে দেখেন আধিকারিকেরা। যার রেশ কাটতে না কাটতে এ বার ভাঙচুর চালানো হল।