ওঙ্কার ডেস্ক: আরজি কর কাণ্ডে গ্রেফতার আরও এক জন। শ্মশানের রিকুইজিশনে নাম পাওয়া যাওয়ায় পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। তাঁর ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়। অভিযোগ, দেহ দ্রুত দাহ করা এবং তথ্যপ্রমাণ লোপাটের ঘটনায় তাঁর ভূমিকা ছিল। আর সেই সন্দেহে তাঁকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করলেন তদন্তকারীরা।
গত ৯ অগস্ট আরজি করের চিকিৎসক পড়ুয়ার মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পানিহাটির শ্মশানঘাটে ঘটনার দিন ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে নির্দেশ দেন তিনি। তার পরেই নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল-সহ তিন জনের বিরুদ্ধে এফআইআর রুজু হয়। উল্লেখ্য, এই মামলায় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে আগেই গ্রেফতার করা হয়েছে। নির্মলকে ধরা হয় ওড়িশার একটি হোটেল থেকে। আর সঞ্জীবকে পাকড়াও করা হয় কলকাতার চিনার পার্ক থেকে। এই মামলায় দুজনেই জামিন পেয়েছেন। তবে অন্য এক মামলায় এখনও জেলবন্দি নির্মল।
এদিকে নতুন এফআইআর দায়ের হওয়ার পর প্রাক্তন পুরপ্রধান সোমনাথের কোনও খোঁজ মিলছিল না। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই পলাতক ছিলেন তিনি। বার বার নিজের অবস্থান বদল করছিলেন। শুধু তাই নয় ফোন নম্বরও ঘন ঘন বদল করছিলেন তিনি। অবশেষে তাঁকে কর্নাটকের বেঙ্গালুরু থেকে পাকড়াও করা হল।