ওঙ্কার ডেস্ক: আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের প্রথম দিকে ভারত সফরে আসতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ইতিমধ্যে এই সফরের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেই সঙ্গে দীর্ঘদিনের ঝুলে থাকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে নয়াদিল্লি ও ওয়াশিংটন কাজ করে চলেছে। পাশাপাশি, দুই দেশের মধ্যে জ্বালানি, প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।
ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশেরও বেশি শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর সেই সিদ্ধান্তে অখুশি হয়েছিলেন ভারতীয়রা। সেই সিদ্ধান্তের জেরে দ্বিপাক্ষিক সম্পর্কেও টানাপড়েন তৈরি হয়েছিল। সেই ঘটনার পর এটিই হবে ট্রাম্পের প্রথম ভারত সফর। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে গোর জানান, ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ব্যক্তিগত সুসম্পর্কই নয়াদিল্লি ও ওয়াশিংটনের অংশীদারিত্বের মূল ভিত্তি। পাশাপাশি দ্বিপাক্ষিক এজেন্ডা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিদেশ সচিব মার্কো রুবিও-ও নিবিড়ভাবে যুক্ত রয়েছেন।
ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও মোদীর মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছিল। তার কয়েক সপ্তাহ পরেই এই তথ্য সামনে এল। গোরের মতে, দুই নেতা এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন। বাণিজ্য, প্রতিরক্ষা ও দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়। যার মধ্যে কিছু ফল আগামী সপ্তাহে ঘোষণা করা হতে পারে বলে মত তাঁর। গোর জানান, প্রস্তাবিত ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উভয় পক্ষই এখন চুক্তির সুনির্দিষ্ট ভাষা বা শর্তা চূড়ান্ত করার কাজ করছে।