ওঙ্কার ডেস্ক: গো মাংস রান্নার অভিযোগে তিন মহিলাকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। সে রাজ্যের কৌশাম্বিতে একটি বাড়িতে এই গরুর মাংস রান্না হচ্ছিল বলে অভিযোগ। পুলিশ তিন জনকে গ্রেফতারের পাশাপাশি রান্না করা মাংস এবং কাঁচা মাংস বাজেয়াপ্ত করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হচ্ছে আরও বিশদে জানার জন্য।
শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে, পানারা গোপালপুর গ্রামের একটি বাড়িতে নিষিদ্ধ গোমাংস রান্না করা হচ্ছিল। গোপন সূত্রে তারা এই খবর পায়। এর পর ওই গ্রামে হানা দেন তদন্তকারীরা। পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপত বলেন, ‘পুলিশকে দেখেই চার জন পুরুষ গ্রামের সরু গলি দিয়ে পালিয়ে যায়।’ বাড়িতে প্রবেশ করার পর পুলিশ তিন মহিলাকে ভেতরে বসে থাকতে দেখে। সেখানে রান্না করা মাংস পাওয়া যায়। সেই সঙ্গে একটি পলিথিনে কাঁচা মাংসও পাওয়া যায়। ওই মহিলারা পালানোর চেষ্টা করলে মহিলা পুলিশ কর্মীরা তাঁদেরকে পাকড়াও করতে সক্ষম হয়।
পুলিশ সুপারের মতে, জিজ্ঞাসাবাদের সময় ওই মহিলারা স্বীকার করেছেন যে মাংসটি গরুর ছিল। এটি পরিবারের কয়েক জন পুরুষ বাড়িতে এনেছিলেন বলে জানিয়েছেন তাঁরা। তিনি বলেন, ‘এর অর্ধেকটা সেদিন খাওয়ার জন্য রান্না করা হচ্ছিল। বাকিটা পরের দিনের জন্য রেখে দেওয়া হয়েছিল।’ ধৃত তিন জনই একই গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, তাঁদের কাছ থেকে ১ কেজি কাঁচা মাংস ও ১ কেজি রান্না করা মাংস বাজেয়াপ্ত করা হয়েছে। উত্তরপ্রদেশ গোহত্যা প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় সরাই আকিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আদালতে হাজির করা হয় বলে পুলিশ জানিয়েছে।