ওঙ্কার ডেস্ক: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের ছক কষেছিল ইরান, এমনই রিপোর্ট দিয়েছিল ইজরায়েলি গোয়েন্দা সংস্থা। সেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর এবার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। স্পষ্ট ভাষায় জানালেন তাঁকে হত্যার চেষ্টা হলে ইরানের উপর গোলা বর্ষণ শুরু হবে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, এক হাজার ক্ষেপণাস্ত্র ইরানের দিকে তাক করা আছে। শুধু তাই নয় মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া আছে, প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা হলেই ইরানের উপর গোলাবর্ষণ শুরু হবে। ইরানকে মুছে দেওয়ার জন্য মার্কিন বাহিনী এক বছরের সময়সীমা ধরে এগোচ্ছে বলে ট্রাম্পের দাবি। শনিবার সমাজ মাধ্যমে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, ‘এক হাজার ক্ষেপণাস্ত্র ইরানের দিকে তাক করে রাখা হয়েছে। প্রেসিডেন্টকে হত্যা বা হত্যার চেষ্টার যে হুমকি বিশ্বের নানা প্রান্তে ইরান দিয়ে আসছে, তা যদি কার্যকর হয়, আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র তাদের মাটিতে আছড়ে পড়বে। নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। ইরানের সমস্ত এলাকা সম্পূর্ণ ভাবে ধ্বংস এবং নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মার্কিন বাহিনী প্রস্তুত। প্রাথমিক ভাবে এই মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে তা আরও বাড়ানো হতে পারে।’
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুললাহ আলি খামেনেই। খামেনেইকে হত্যার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ে। পারস্য দেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ আরও জোরালো হয়। খামেনেইয়ের শেষকৃত্যের জমায়েত থেকেই অনেকে ট্রাম্পকে হত্যার দাবি তুলেছিলেন। সম্প্রতি ইজরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের রিপোর্টে দাবি করা হয়, ট্রাম্পকে খুনের ছক কষেছে তেহরান। এর ফলে তুরস্ক সফর থেকে ফেরার সময় বিমান বদল করা হয় মার্কিন প্রেসিডেন্টের।