নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ড হারবার: হাসপাতালের সামনেই পাতে বিপদ! এমনই অভিযোগ পেয়ে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল চত্বরে অভিযান চালাল পৌরসভার ফুড সেফটি বিভাগ।
হাসপাতালের গেট ও আশপাশের একাধিক খাবারের দোকানে হানা দেন আধিকারিকরা। খাবারের গুণমান, রান্নার জায়গার পরিচ্ছন্নতা, খাবার সংরক্ষণের পদ্ধতি খতিয়ে দেখা হয়। অভিযোগ, বহু দোকানেই খোলা অবস্থায় খাবার রাখা, নোংরা পরিবেশে রান্না এবং বাসি খাবার পরিবেশন করা হচ্ছিল।
অসঙ্গতি ধরা পড়তেই কয়েকটি দোকান বন্ধ করে দেয় পৌরসভা। বাকিদের কড়া সতর্কবার্তা দেওয়া হয়।
রোগী ও তাঁদের পরিজনদের কথা মাথায় রেখে হাসপাতাল চত্বরে স্বাস্থ্যকর খাবার বাধ্যতামূলক, জানিয়েছেন আধিকারিকরা। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগ উঠছিল।
পৌরসভার ফুড সেফটি অফিসার ডা. মুকুলিকা বাগচী বলেন, “হাসপাতাল অত্যন্ত স্পর্শকাতর এলাকা। এখানে খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে কোনও আপস করা হবে না। নিয়মিত এই অভিযান চলবে।”
অভিযান ঘিরে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আধিকারিকদের হুঁশিয়ারি, স্বাস্থ্যবিধি না মানলে ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপ করা হবে।