ওঙ্কার ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির আকাশে রহস্যজনক ড্রোন উড়ে বেড়ানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘাঁটিতেই বসবাস করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাক্রো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ। ফলে ঘটনাটিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বহুগুণ বেড়ে গেছে।
সূত্রের খবর, ফর্ট লেলসি জুনিওর ম্যাকনায়ার সামরিক ঘাঁটির উপর একাধিকবার অজ্ঞাতপরিচয় ড্রোন দেখা গেছে। অন্তত একটি রাতে পরপর কয়েকটি ড্রোন ঘাঁটির আকাশে ঘোরাফেরা করে বলে জানা গিয়েছে। মার্কিন নিরাপত্তা সংস্থাগুলি এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে, কারণ এই ঘাঁটি দেশের প্রশাসনিক ও সামরিক নেতৃত্বের জন্য অত্যন্ত সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচিত।
ড্রোনগুলির উৎস বা নিয়ন্ত্রণ কার হাতে ছিল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এগুলি নজরদারি বা গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকতে পারে। অনেকে মনে করছে বর্তমানে মধ্যপ্রাচ্যের অশান্তির প্রভাব এখন সরাসরি ওয়াশিংটনে গিয়ে পড়েছে। এর নেপথ্যে ইরানের গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে বলেও মনে করেছেন অনেকে। তবে এ বিষয়ে এখনও কোনও সরকারি নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছে।
ঘটনার পরপরই ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আকাশপথে নজরদারি বাড়ানো হয়েছে এবং অচেনা উড়ন্ত বস্তু শনাক্ত করতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি, উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপত্তা নিয়েও নতুন করে মূল্যায়ন করা হচ্ছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই ধরনের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি শুধুমাত্র একটি নিরাপত্তা ত্রুটি নয়, বরং সম্ভাব্য বৃহত্তর হুমকির পূর্বাভাসও হতে পারে বলে সতর্ক হচ্ছে ওয়াশিংটন।
