ওঙ্কার ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এক পানশালায়। রবিবার গভীররাতে এই অগ্নিকাণ্ডে শ্বাসরুদ্ধ হয়ে এবং দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত ২৭ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ৬৩ জনকে। তাদের মধ্যে আরও বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
রিপোর্ট অনুসারে, উত্তর ব্যাংককের না লাডপ্রাও নামের এক পাবে রবিবার রাত ১১.৫৭ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। আধ ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হলেও পাবের মধ্যে থাকা ২৭ জন এই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন। জখম অবস্থায় ৬৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় ইতিমধ্যে শোকপ্রকাশ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। কী ভাবে এই অগ্নিকাণ্ড তা জানতে তদন্ত শুরু হয়েছে।
ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিট্টিপুন্ট এই ঘটনায় বলেন, ‘আগুন অতি দ্রুত সিলিং পর্যন্ত ছড়িয়ে পড়ে। বেশিরভাগ মানুষ বের হওয়ার সুযোগই পাননি। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। শ্বাসরুদ্ধ হয়ে বেশিরভাগেরই মৃত্যু হয়েছে।’ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘পাবে ধোঁয়া ও আগুন থেকে বাঁচতে বেশিরভাগই ভবনটির পেছনে গিয়ে শৌচাগারে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেখানেই বেশিরভাগ মৃতদেহ খুঁজে পেয়েছি আমরা।’