ওঙ্কার ডেস্ক: পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্ধ্রপ্রদেশের এক ছাত্রের। গত ৭ আগস্ট ওহাইও-র ম্যাসেডোনিয়ায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাঁর গাড়িতে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। মৃত ছাত্রের দেহ দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালাচ্ছে তাঁর পরিবার ।
রিপোর্ট অনুসারে, পথ দুর্ঘটনায় নিহত ওই ছাত্রের নাম দিলীপ কুমার বুঙ্গাতভুলা। তাঁর বাড়ি অন্ধ্রপ্রদেশের কড়াপা জেলায়। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটিতে পোড়াশোনা করছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, বুঙ্গাতভুলা একটি সেডান গাড়ি চালাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পিক-আপ ট্রাক তাঁর গাড়িতে এসে ধাক্কা মারে। নিউ ইয়র্কে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল বুঙ্গাতভুলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়েছে, তাঁর পরিবারের সঙ্গে কনস্যুলেট যোগাযোগ রাখছে। পাশাপাশি সব ধরনের সাহায্য করছে। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্ট করে কনস্যুলেটের তরফে জানানো হয়েছে, ‘ভারতীয় নাগরিক দিলীপ কুমার বুঙ্গাতভুলার অকাল প্রয়াণের খবরে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ৭ আগস্ট ওহাইওতে এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এই কঠিন সময়ে তাঁর পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। কনস্যুলেট পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি সম্ভাব্য সব ধরনের সাহায্য করছে।’
নর্থ আমেরিকা তেলেগু সোসাইটি বুঙ্গাতভুলার পরিবারের জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে। তারা জানিয়েছে, বুঙ্গাতভুলার পড়াশোনার খরচ জোগাতে তাঁর বাবা-মা অনেক কষ্ট করেছেন। তাঁরা আশা করেছিলেন, ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলবে। কিন্তু সব আশা শেষ হয়ে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনায়। তাঁর মৃতদেহ ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।