ওঙ্কার ডেস্ক: ২০২৬ সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঐতিহাসিক বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী ১৫ আগস্ট দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে প্রথমবারের মতো পরিবেশিত হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দে মাতরম’। সোমবার এই সিদ্ধান্তের কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রক। চলতি বছর দেশাত্মবোধক এই গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে দেশের তরুণ প্রজন্ম তথা ‘যুব শক্তি’-কে।
নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং জানান, ২০২৬ সালে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে লালকেল্লা থেকে প্রথমবারের মতো এই জাতীয় গান পরিবেশন করা হবে। স্বাধীনতা সংগ্রামের সময় এই গান দেশের লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছিল। ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এই গানের ঐতিহাসিক গুরুত্ব এবং দীর্ঘদিনের জাতীয়তাবাদী ঐতিহ্যকে সম্মান জানাতেই এবারের অনুষ্ঠানে বিশেষ স্থান দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রতি বছর ১৫ আগস্ট লালকেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্ব সম্পন্ন হয়। তবে এবার অনুষ্ঠানের সূচিতে থাকছে বিশেষ পরিবর্তন। জাতীয় পতাকা উত্তোলনের আগেই গাওয়া হবে ‘বন্দে মাতরম’। তার পরে পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’। ফলে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানের সূচনায় এবার থেকেই একটি নতুন ঐতিহ্য তৈরি হতে চলেছে।