ওঙ্কার ডেস্ক: ওয়াশিংটনকে শিক্ষা দেওয়ার হুমকি ইরানের। তেহরানের দাবি, এমন শিক্ষা দেওয়া হবে যা মার্কিন যুক্তরাষ্ট্র চির দিন মনে রাখবে! সারা রাত ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করেছে। যা এখনও অব্যাহত। সে দেশের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হামলার চেষ্টার জবাবে এই পদক্ষেপ। রিপোর্ট অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলায় এক শিশু-সহ অন্তত চার জন নিহত হয়েছেন। জখম হয়েছেন প্রায় ৫০ জন। দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর এই হতাহতের ঘটনা ঘটে। যার পর ট্রাম্প বাহিনীকে হুঁশিয়ারি দিল ইরান।
রিপোর্ট অনুসারে, মার্কিন বাহিনীর জন্য কঠোর শাস্তি রয়েছে, এমন ঘোষণা দেওয়ার পর ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডনে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। চলতি সপ্তাহে সরাসরি বোমাবর্ষণ শুরুর পর নিজের প্রথম বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই বলেছেন, ওয়াশিংটনের জন্য চির দিন মনে রাখার মতো শিক্ষা অপেক্ষা করছে।আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবিও সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে ওয়াশিংটনকে সতর্ক করে লিখেছেন, তারা “নতুন হামলার জন্য অনুশোচনা করবে” এবং “আক্রমণকারীদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে।”
উল্লেখ্য ইরানের কুহেস্তাকে বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়ে নিরপরাধ বেসামরিক নাগরিকদের হত্যা করেছে মার্কিন বাহিনী, এমনটাই অভিযোগ ইরানের। রবিবার ওয়াশিংটন ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানলে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয় পুনরায়। যার জবাবে তেহরানের বাহিনী জর্ডন ও সংযুক্ত আরব আমিরশাহিতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালায়।