ওঙ্কার ডেস্ক: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চুলের স্টাইল ও মেকআপ এর জন্য খরচ হয়েছে কোটি কোটি সরকারি টাকা। ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতরের তরফে প্রকাশ করা সেই হিসাব ঘিরে শুরু হয়েছে বিতর্ক। রিপোর্ট অনুসারে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অগস্ট পর্যন্ত এই খাতে ইজরায়েল সরকারের ব্যয় প্রায় ৪ লক্ষ ৭০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ কোটি ৪৯ লক্ষ টাকা। এই অর্থের প্রায় ৯০ শতাংশই খরচ হয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী সারা নেতানিয়াহুর জন্য।
তথ্য অধিকার আইনের আওতায় হিসাব জানতে চেয়েছিল ‘মুভমেন্ট ফর ফ্রিডম অফ ইনফরমেশন’। সংগঠনের হয়ে আইনজীবী জারা উইঙ্কলার-শালিত আদালতে মামলা করেন। এরপরই প্রধানমন্ত্রীর দফতরকে ওই তথ্য প্রকাশ করতে বাধ্য হয়। নথির হিসাব অনুযায়ী, ২০২২ সালে মেকআপ ও হেয়ার স্টাইলিংয়ের খরচ ছিল তুলনামূলক কম। নাফতালি বেনেট এবং ইয়ায়ির লাপিদের সময়ে ওই খাতে ব্যয় হয়েছিল প্রায় ৮৪ হাজার শেকেল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৬.৩৪ লক্ষ টাকা। পরের বছরই ছবিটা বদলে যায়। ২০২৩ সালে নেতানিয়াহু ফের প্রধানমন্ত্রীর পদে ফিরতেই খরচ অনেকটাই বেড়ে যায়। ওই বছর শুধু চুল ও মেকআপের জন্য ব্যয় হয় প্রায় ৩ লক্ষ ১১ হাজার শেকেল। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯৭ লক্ষ ৫২ হাজার টাকা। পুরো ২০২৩ সালে এই সংক্রান্ত খাতে মোট ব্যয় ছিল প্রায় ১ লক্ষ ৩ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯৮ লক্ষ ৩৮ হাজার টাকা।
অক্টোবর ২০২৩-এ গাজা যুদ্ধ শুরু হওয়ার পরও এই ব্যয়ে বড় কোনও ঘাটতি তৈরি হয়নি। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত নেতানিয়াহুর হেয়ার স্টাইলিংয়েই খরচ হয়েছে প্রায় ২ হাজার ৬০০ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৪৮ হাজার টাকা। ওই তিন মাসে মেকআপের জন্য ব্যয় হয়েছিল আরও প্রায় ১ হাজার ৫৮০ ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। শুধু অক্টোবরেই নেতানিয়াহুর চুল সাজানোর জন্য খরচ হয় প্রায় ২ হাজার ৪৫৭ শেকেল। ভারতীয় মুদ্রায় তা প্রায় ৭৭ হাজার ৭৬ টাকা। সরকারি কোষাগারের এই বিপুল অর্থ মেকআপে ব্যয় নিয়ে সে দেশে শুরু হয়েছে চর্চা।