ওঙ্কার ডেস্ক: ক্ষমতার রাশ হাতে রাখা নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে উত্তর কোরিয়ার একছত্র অধিপতি কিম জং উনের পরিবারে। দোর্দন্ডপ্রতাপ কিম চান তাঁর ১৩ বছর বয়সী মেয়ের হাতে ক্ষমতার ভার তুলে দিতে। তবে এই সিদ্ধান্ত মেনে নিতে রাজি নন কিমের বোন কিম ইয়ো জং।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, কিম জং উনের কিশোরী কন্যা কিম জু এ দেশটির পরবর্তী শাসক হিসেবে মনোনীত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। তবে কিম জুকে কোনও ভাবে মেনে নিতে চাইছেন না কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) গত সপ্তাহে জানিয়েছিল, ১৩ বছর বয়সী কিম জু এ আনুষ্ঠানিকভাবে উত্তরাধিকারী হিসেবে মনোনীত হতে চলেছে। উত্তর কোরিয়ায় চলতি মাসের শেষে রাজনৈতিক সম্মেলন হতে চলেছে। গোয়েন্দাদের দাবি, সেখানে কিম জং উন নিজের লক্ষ্য নির্ধারণ করবেন। এবং প্রশাসনে তাঁর নিয়ন্ত্রণ আরও দৃঢ় করবেন বলে মনে করা হচ্ছে। রিপোর্ট অনুসারে, আপাতত গোটা বিষয়টিতে নজর রাখছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা। আসন্ন ওয়ার্কার্স পার্টি কংগ্রেসে হাজার হাজার প্রতিনিধির সামনে কিম জু এ তার বাবার সঙ্গে উপস্থিত হন কিনা সেদিকেই নজর পর্যবেক্ষকদের।
উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় প্রথম প্রকাশ্যে আসেন কিম জু এ। তার পর থেকে, তিনি তার বাবার সঙ্গে অস্ত্র পরীক্ষা এবং সামরিক কুচকাওয়াজে যোগ দিয়েছেন। এমনকি চিনের রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাতের জন্য গত সেপ্টেম্বরে বেজিং গিয়েছিলেন। সেই সফরেও বাবার সঙ্গে ছিলেন কিম জু এ।
