ওঙ্কার ডেস্ক : নেপালের ধ্বংসলীলার ভয়াল গ্রাসের ভিতর থেকে উঠে এল এক অপরূপ মানবিক চিত্র। সেনাবাহিনীর তৎপরতায় দু দিন পর অলৌকিক ভাবে উদ্ধার হল এক দুধের শিশু। নেপাল জুড়ে চরম হাহাকারের মধ্যে এ এক মন কাড়া দৃশ্য। যেন প্রকৃতির তাণ্ডবের মধ্যে জেগে উঠল এক দেব শিশু। সেই দৃশ্য ভিডিওতে ধরেছেন এক নেটিজেন। যা রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়।
সত্যি, এ এক অলৌকিক ঘটনা। প্রকৃতির ভয়াল তাণ্ডবের পর দু দিন ধরে কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ছিল এই শিশু। এখন দিনের আলোয় তার চোখ মেলার দৃশ্যের কী ব্যাখ্যা হতে পারে ! শুধুমাত্র, একে দৈবযোগ ছাড়া আর কী বা বলার থাকে ! কী ভাবে সেনাবাহিনী এর হদিশ পেল, কীভাবেই বা টানা ৪৮ ঘন্টা ধ্বংসস্তুপের নিচে বেঁচে ছিল শিশুটি এর কোনো বাস্তবিক ব্যাখ্যা সম্ভব নয়। তাই নিশ্চিত মৃত্যুর হাত থেকে উঠে আসা এমন এক শিশুকে দেখে একটাই উত্তর- আনন্দ এবং শুধুই আনন্দ।
বর্তমানে এই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ মিনিট ২৭ সেকেন্ডের এই ভিডিওতে উঠে এসেছে এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে সুন্দর দৃশ্য। সোশাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন নির্মল প্রসাই নামে এক ব্যক্তি।