স্পোর্টস রিপোর্টার : রেলওয়ে এফসিকে হারিয়ে কলকাতা লিগে ফের অক্সিজেন পেলো মোহনবাগান। এদিন ম্যাচের ফলাফল হল ৩-১। শনিবার মোহনবাগান বেশ শক্ত দলই মাঠে নামায়।মনবীর সিং ও সাহাল আব্দুল সামাদের মত সিনিয়র দলের নিয়মিত ফুটবলারদের মাঠে নামায় বাগান। ডুরান্ড কাপে ডার্বি হারের বদলা কলকাতা লিগে নিতে তৎপর বাগান তাই ৫ সেপ্টেম্বর বারাসাতের লিগের ডার্বিতেও মনবীরদের দল মাঠে নামাবে সেই কারণেই ম্যাচ প্রাকটিস করিয়ে নেওয়া। এদিন ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক করে মোহনবাগান। প্রচুর অ্যাটাক করলেও গোল আসছিলো না একাধিক গুরুত্বপূর্ণ সেভ দেন রেলওয়ের গোলকিপার সুদীপ্ত।
৪১ মিনিটে উমেশ মারান্ডির গোলে লিড নেয় রেলওয়ে। তবে বিরতির ঠিক আগে পেনাল্টি পায় মোহনবাগান। গোল করেন মনবীর। ১-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় মোহনবাগান। ৪৭ মিনিটে সায়নের শট ক্রসপিসে লেগে প্রতিহত হয়। ৫৩ মিনিটে লিড নেয় সবুজ-মেরুন ব্রিগেড। কিয়ানের দুরন্ত পাস থেকে গোল করে মোহনবাগানকে লিড এনে দেন রবিলাল মাণ্ডি।
পিছিয়ে পড়েও দমে যায়নি রেলওয়ে। ৫৫ মিনিটে তারক হেমব্রমের শট বাঁচিয়ে রেলওয়েকে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেন মোহনবাগানের গোলকিপার সৈয়দ জাহিদ হোসেন। ৭৮ মিনিটে ব্যবধান বাড়ায় সবুজ-মেরুন ব্রিগেড। পরিবর্ত হিসেবে নেমে জ্বলে ওঠেন সুহেল ভাট। দু’জন ডিফেন্ডারকে টপকে কর্নার থেকে দুরন্ত হেডে গোল করেন সুহেল ভাট। গোটা ম্যাচে নজর কেড়ে সেরা ফুটবলার হয়েছেন সাহাল।লিগের সুপার সিক্সের আরও কাছে পৌঁছে গেল মোহনবাগান। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেব্লে তৃতীয় স্থানেই রইল বাস্তব রায়ের ছেলেরা। ছয়টিতে জয়, একটি ড্র এবং দুই ম্যাচে হেরেছে সবুজ-মেরুন ব্রিগেড। এক ম্যাচ কম খেলে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে ইস্টবেঙ্গল।