ওঙ্কার ডেস্কঃ নেপালে বিদ্রোহের পর নতুন সরকারের এক বছর পার করার আগেই ফের বিদ্রোহের আগুন। বলেন্দ্র শাহর সরকারের বিরুদ্ধে নতুন করে পথে নেমেছে নেপালের জেন-জি। প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে গত ৩ দিনে প্রকাশ্য রাস্তায় গায়ে পেট্রল ঢেলে গায়ে আগুন দিয়েছেন ৩ যুবক। তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।
নেপালের জেন-জি আন্দোলনের প্রধান মুখ ছিলেন বলেন্দ্র শাহ। তিনিই এখন দেশের প্রধানমন্ত্রী। যুব সমাজের অভিযোগ দেশবাসীর মনে যে আশা জাগিয়ে ক্ষমতায় এসেছিলেন তা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। জেন-জি নেপাল সংগঠনের অভিযোগ, প্রধানমন্ত্রী জনবিরোধী ও স্বৈরাচারী শাসন চালাচ্ছেন। সংগঠনটির দাবি অনুযায়ী, দেশের যুবকদের কর্মসংস্থান ও আয় বাড়াতে বাজেট ও নীতিমালা সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এই সরকার। এরই প্রতিবাদে নতুন করে বিদ্রোহ শুরু করেছে সেখানকার যুবসমাজ।
পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে সরকারের। এই অবস্থায় যুব সমাজের পাশে দাঁড়িয়ে বলেন্দ্র সরকারকে নিশানায় নিয়েছে বিরোধী দল নেপালি কংগ্রেস। রাষ্ট্রের ব্যর্থতার জেরেই এই আত্মহত্যা বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, একইভাবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমে আগেও আত্মহত্যার ঘটনা ঘটে। প্রেম আচার্য নামে এক যুবকের মৃত্যুতে সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন তৎকালীন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। এবার সমালোচনার মুখে খোদ তিনি। মাত্র ৩৫ বছরে দেশের প্রধানমন্ত্রী হন। তবে এক বছর পার হওয়ার আগেই এবার জনরোষের মুখে খোদ বলেন্দ্র।