ওঙ্কার ডেস্ক: কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে মরিয়া ইসলামাবাদ। শাহবাজ শরিফের সরকার কাশ্মীর ইস্যুকে হাতিয়ার করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। সূত্রের খবর, ব্রিটেন ও ইউরোপে একটি সংসদীয় প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে পাকিস্তান। যে দল আইনপ্রণেতা, নীতিনির্ধারক, বুদ্ধিজীবী থেকে শুরু করে এবং গণমাধ্যম সংস্থার সঙ্গে আলোচনা করবে।
জম্মুকাশ্মীর যে ভারতের অভ্যন্তরীণ বিষয় এ কথা নয়াদিল্লি বরাবরই বলে আসছে। সন্ত্রাসবাদ-কবলিত পরিবেশে পাকিস্তানের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়েছে ভারত। তা সত্ত্বেও কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদ আন্তর্জাতিক মহলে পুনরায় প্রচারণা জোরদার করার চেষ্টা করছে। পাক ফেডারেল মন্ত্রী রানা মুহাম্মদ কাসিম নুনের নেতৃত্বে পাকিস্তানের ‘পার্লামেন্টারি কমিটি অন কাশ্মীর’ এবং ‘ইসলামাবাদ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’-র প্রতিনিধিরা গত বৃহস্পতিবার এক বৈঠক করেন। সেই আলোচনায় এই প্রস্তাব উঠে আসে। সূত্রের দাবি, নুন প্রতিনিধি দলকে স্পষ্ট ভাবে জানিয়েছেন, সংসদীয় কমিটিটি ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন সফরের সময় স্থানীয় সংসদ সদস্য, নীতিনির্ধারক, বুদ্ধিজীবী এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। শুধু তাই নয়, ব্রিটেন এবং ইউরোপে বসবাসরত পাকিস্তানি ও কাশ্মীরি প্রবাসীদের সঙ্গেও মতবিনিময় করবেন তাঁরা।
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান তুলে ধরা এই পরিকল্পিত প্রচারণার উদ্দেশ্য। সেই সঙ্গে পশ্চিমা দেশগুলো থেকে রাজনৈতিক ও জনমত আদায় করতে চায় ইসলামাবাদ। এই উদ্যোগের অংশ হিসেবে, খুব শীঘ্রই ইসলামাবাদে কাশ্মীর বিষয়ক একটি সম্মেলনেরও প্রস্তুতি নিচ্ছে এই কমিটি। যেখানে নিজেদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি কূটনৈতিক বার্তা আরও জোরালো করা।