ওঙ্কার ডেস্ক: ২০২৬ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। সোমবার সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এই পুরস্কার ঘোষণা করেছে। এ বছরের জন্য নোবেল পুরস্কার ঘোষণার পর্বে অর্থনীতি বিভাগ ছিল ছিল শেষতম বিভাগ। এই পর্বে নোবেল প্রাপকদের নাম ঘোষণার মাধ্যমে চলতি বছরে এই পুরস্কার প্রদান পর্বে নাম ঘোষণার সমাপ্তি ঘটল। এর আগে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়।
রিপোর্ট অনুসারে, অর্থনীতিতে এই পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘ব্যাংক অব সুইডেন প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক আলফ্রেড নোবেলের স্মরণে এই পুরস্কার চালু করে। আলফ্রেড নোবেল ছিলেন উনিশ শতকের সুইডিশ ব্যবসায়ী ও রসায়নবিদ। তিনি ডিনামাইট আবিষ্কার করেন। পাঁচটি নোবেল পুরস্কার প্রবর্তনের উদ্যোগ নেন তিনি। তবে অর্থনীতির পুরস্কারটি মূল পাঁচটি নোবেল পুরস্কারের অন্তর্ভুক্ত নয়। এটি আলফ্রেড নোবেলের স্মরণে প্রতিষ্ঠিত একটি পৃথক পুরস্কার। প্রচলিতভাবে অন্য নোবেল পুরস্কারগুলোর সঙ্গে একই অনুষ্ঠানে এটি দেওয়া হয়।
এ বছর অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। মার্কিন মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ লক্ষ ডলার। একজন ব্যক্তি, একাধিক গবেষক কিংবা কোনও প্রতিষ্ঠান এই পুরস্কার পেতে পারে। তবে নির্ধারিত অর্থমূল্য একই থাকে। আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীর দিন অর্থাৎ প্রতিবছর ১০ ডিসেম্বর নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।