ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সেই মতো পদক্ষেপ নিচ্ছে মার্কিন অভিবাসন ও শুল্ক দফতর (আইসিই)। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে লাগাতার অভিযান চালাচ্ছে তারা। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জেরে এক যুবককে গুলি করে খুনের অভিযোগ ওঠে। যার পর থেকে অভিবাসন দফতরের বিরুদ্ধে পথে নামেন হাজার হাজার মানুষ।
রিপোর্ট অনুসারে, মার্কিন অভিবাসন দফতরের অভিযানের বিরুদ্ধে শনিবার বেশ কয়েক জন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন বছর ৩৭ এর অ্যালেক্স প্রেটি। অভিবাসন দফতরের আধিকারিকরা বিক্ষোভকারীদের উদ্দেশে পেপার স্প্রে করেন। অ্যালেক্স তাতে বাধা দিলে তাঁকে ধরে মারধর করেন আইসিই আধিকারিকরা। রাস্তায় ফেলে মারধর করার পর তাঁকে গুলি করা হয়। এর পর বেশ কিছুক্ষণ রাস্তায় পড়ে থাকে তাঁর নিথর দেহ। জানা গিয়েছে স্থানীয় একটি হাসপাতালে কাজ করতেন অ্যালেক্স।
গুলিকাণ্ড নিয়ে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) বিবৃতিতে জানিয়েছে, আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছিলেন আইসিই আধিকারিক। ট্রাম্প প্রশাসনের দাবি, অ্যালেক্সের হাতে বন্দুক ছিল। যদিও এই দাবি অস্বীকার করেছেন প্রতিবাদীরা। এর আগে গত ৭ জানুয়ারি আর এক যুবককে গুলি করা হয়েছিল। সে বারও আত্মরক্ষার কথা বলা হয়েছিল।
