ওঙ্কার ডেস্ক: আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে সম্প্রতি জানিয়েছেন। বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি। ফের একবার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করলেন মুজিবকন্যা। এ দিকে কয়েকটি সূত্রে দাবি করা হচ্ছে, হাসিনাকে ভারত প্রত্যর্পণ করলে তবেই নয়াদিল্লি সফরে আসবেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সামনেই ব্রিকস সম্মেলন রয়েছে। সেই সম্মেলনে যোগ দিতে ভারতে আসার কথা রয়েছে তারেকের। ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোও হয়েছে। তবে তিনি নিশ্চিত ভাবে আসবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের দাবি, তারেকের দিল্লি সফরের জন্য হাসিনার প্রত্যর্পণের শর্ত রেখেছে ঢাকা। কূটনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, এই কারণে কি হাসিনা তড়িঘড়ি দেশে ফেরার কথা ঘোষণা করেছেন?
যদিও নিজের দেশে ফেরার কারণ হিসেবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জানিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হাসিনার কথায়, ‘বাংলাদেশকে উন্নয়ন, গণতন্ত্রের পথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেই কারণে আমি বাংলাদেশে ফিরতে চাই। উন্নয়ন থমকে গেলে কর্মসংস্থানও থেমে যায়। আইনশৃঙ্খলার অবনতি ঘটলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। চরমপন্থী চক্রগুলি আবার সক্রিয় হলে সেটা বাংলাদেশে আঞ্চলিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।’