ওঙ্কার ডেস্ক: ককরোচ জনতা পার্টির আন্দোলনের কাছে নতি স্বীকার করতে হয়েছে মোদী সরকারকে। তরুণ প্রজন্মের সেই বিক্ষোভে গোটা দেশ আন্দোলিত হয়েছিল। সিজেপির লড়াইয়ের জেরে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তরুণ মন ছুঁতে আগে একাধিক ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার ছাত্রছাত্রীদের কথা শুনতে তিনি হাজির হবেন কলেজে। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে প্রধানমন্ত্রী অংশ নেবেন দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্সে আয়োজিত এক অনুষ্ঠানে।
সূত্রের খবর, রাজধানীর ওই কলেজের শতবর্ষ পূর্তি চলছে। সেই উপলক্ষে অনুষ্ঠান রয়েছে। সেখানেই বক্তৃতা দেবেন মোদী। কলেজের পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রী কথাও বলবেন। ছাত্রছাত্রীদের সমস্যা এবং মত শুনবেন তিনি। উল্লেখ্য, ককরোচ জনতা পার্টির আন্দোলনের সময়ে একাধিকবার জেন জির উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রথমবার সশরীরে সাক্ষাৎ করবেন তরুণ প্রজন্মের সঙ্গে।
নিট ইউজি প্রশ্নফাঁসের পর একাধিক পড়ুয়া আত্মহত্যা করেছিল। গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছিল ককরোচ জনতা পার্টি। সিজেপির আন্দোলনের জেরে তরুণ প্রজন্ম রাস্তায় নেমেছিল। হয়েছিল সংসদ অভিযান। জেন জিকে কাছে টানতে সমাজ মাধ্যমে আগেই উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সশরীরে হাজির হয়ে তাদের কথা শুনতে চান নমো।