ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে মার্কিন প্রশাসনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের সম্ভাবনা ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রায়টার্সের সূত্র অনুযায়ী খবর, ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসন ইরানকে কেন্দ্র করে চলা সংঘাতের মধ্যে সেখানে বিপুল পরিমানে সেনা পাঠাতে চলেছে। এই খবর সত্য হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো জটিল হবে তা নিশ্চিত।
রায়টার্সের প্রতিবেদন অনুসারে এই সম্ভাব্য সামরিক পদক্ষেপের লক্ষ্য হিসেবে উঠে এসেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির নিয়ন্ত্রণ শক্তিশালী করা, বিশেষ করে হরমুজ প্রনালীর মতো আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথকে সুরক্ষিত রাখা। বিশ্বজুড়ে তেল পরিবহণের একটি বড় অংশ এই জলপথের মাধ্যমে হওয়ায়, এর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং তা সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলেছে। সেই কারণেই এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, ইরানের সামরিক শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থা এই সিদ্ধান্তকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ড্রোন ব্যবস্থার কারণে সম্ভাব্য সংঘাত আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হতে পারে। ফলে মার্কিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত শুধুমাত্র প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক পরিস্থিতির দিকেও মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। অতিরিক্ত যুদ্ধজাহাজ, বিমান ও সেনা পাঠানোর মাধ্যমে একটি বৃহত্তর সামরিক প্রস্তুতির ইঙ্গিত মিলছে। এই পরিস্থিতিতে সংঘাত সীমাবদ্ধ না থেকে আরও বিস্তৃত আকার নিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
একইসঙ্গে এই সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। ইউরোপের একাধিক দেশ তাদের সেনা পুনর্বিন্যাস বা প্রত্যাহারের পথে হাঁটছে। কূটনৈতিক মহলে জোরালোভাবে আলোচনা শুরু হয়েছে যে, এই ধরনের সামরিক সিদ্ধান্ত ভবিষ্যতে আরও বড় সংঘাতের জন্ম দিতে পারে। মার্কিন প্রশাসনের এই সম্ভাব্য সেনা মোতায়েনের পরিকল্পনা মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটকে আরও গভীর ও জটিল করে তুলতে পারে। এর প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক রাজনৈতিক ভারসাম্যের ওপরও সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।
