ওঙ্কার ডেস্কঃ ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার ঠিক তিন দিন আগে আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষর করল ইউনূসের অন্তর্বর্তী সরকার। বাণিজ্যচুক্তির পর ইউনূস এক্স পোস্টে লিখেছেন, ‘‘সোমবার বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষর করেছে, ওয়াশিংটন তার শুল্ক হার আরও কমিয়ে ১৯ শতাংশে এনেছে।’’ পাশাপাশি আমেরিকার পণ্য দিয়ে তৈরি বাংলাদেশি পোশাকের উপর শুল্ক শূন্য করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। প্রায় ন’মাসের দীর্ঘ আলোচনার পর আমেরিকার সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়ে চুক্তি করেছে বাংলাদেশ। তবে সাধারণ নির্বাচনের আগে কেন অন্তর্বর্তী সরকার এই চুক্তি করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বাংলাদেশে উত্তাল পরিস্থিতির আবহেই ভোট হবে আগামী ১২ তারিখ। ভোটের আগে কেন তড়িঘড়ি এত বড় একটা ডিল করলেন অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বিশেষজ্ঞদের মতে, এমনটা হওয়ার পিছনেও ভোট অঙ্ক এবং ইউনূসের ব্যক্তিগত স্বার্থই জড়িয়ে রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই চুক্তির মাধ্যমে জামাতকে কিছুটা এগিয়ে দিতে চাইছে আমেরিকা। ওয়াশিংটন বাংলাদেশের মানুষকে বার্তা দিতে চাইছে যে জামাতের সঙ্গে তাদের সখ্য রয়েছে। তাই বাংলাদেশের বস্ত্র শিল্পকে বাঁচিয়ে, দেশের অর্থনীতিকে এগিয়ে দিতে চেয়েছেন ট্রাম্প।
