ওঙ্কার ডেস্ক: আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে সেই বৈঠকে মার্কিন প্রেসিডেন্টকে পাঁচ দাবির কথা শুনিয়েছেন পুতিন। আপাতত সেই পাঁচ দাবি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী সোমবার ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটনে যাওয়ার কথা তাঁর।
রাশিয়ার তরফে যে পাঁচটি দাবি ট্রাম্পের সামনে তোলা হয়েছে, সূত্র মারফত যা জানা যাচ্ছে, সেগুলি হল, প্রথমত, ইউক্রেনের সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে ডনেৎস্ক এবং লুহান্স্ক থেকে। ইউক্রেন এই পদক্ষেপ করলে রাশিয়া দক্ষিণ খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চল থেকে সেনা সরিয়ে নিয়ে যাবে। দ্বিতীয়ত, ২০১৪ সালে রাশিয়া যে ক্রাইমিয়া দখল করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে তার আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে। তৃতীয়ত, রাশিয়ার উপর যে বাণিজ্যিক নিষেধাজ্ঞা রয়েছে, তা তুলে নিতে হবে। চতুর্থত, নেটো-তে ইউক্রেনের সদস্যপদের বিরোধিতা করেছেন পুতিন। পঞ্চমত, ইউক্রেনের কিছু অঞ্চলে রাশিয়ান ভাষাকে সরকারি স্বীকৃতি দিতে হবে।
উল্লেখ্য, তিন বছরের বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধের জন্য প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন, ‘এটা আমার কাজ নয়, বাইডেনের কাজ। আমি প্রেসিডেন্ট হলে এই যুদ্ধ হতই না। এখন আমি এসেছি এটা বন্ধ করতে।’ নিজের ঢাক পিটিয়ে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তিনি গত ছয় মাসে পাঁচটি যুদ্ধ থামিয়েছেন। পাশাপাশি ইরানের পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করেছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের কী কথা হয়, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা।
