ওঙ্কার ডেস্ক: ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মাঝে ১০ ‘বিদেশি গুপ্তচর’কে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করল তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গুপ্তচর সন্দেহে এই ১০ জনকে গ্রেফতার করেছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশের আইআরজিসির গোয়েন্দা শাখা এক বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ‘১০ ভাড়াটে ও বিশ্বাসঘাতককে শনাক্তের পর গ্রেফতার করা হয়েছে।’ তবে ধৃতরা কোন দেশের নাগরিক, তা স্পষ্ট করা হয়নি ইরানের তরফে। বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, ধৃতদের মধ্যে চার জন ইরানের ‘সংবেদনশীল অবকাঠামো ও অর্থনৈতিক অবকাঠামো’র তথ্য সংগ্রহ করছিলেন। বাকিরা ‘রাজতন্ত্রপন্থী সন্ত্রাসী’ গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে তেহরানের তরফে।
এদিকে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সেনা ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের খবর মিলেছে। ইরানপন্থী গোষ্ঠীর ভবনে বিমান হামলা চালানো হয়, যার ফলে নিহত হয়েছেন অন্তত চার জন। এ ছাড়া বাগদাদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। অন্য দিকে কাতারের আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ঘটনাও ঘটেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডও ঘটেছে। তবে কাতারের তরফে জানানো হয়েছে, এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল, তারা একটি ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিয়েছে।
