ওঙ্কার ডেস্ক: পশ্চিম এশিয়ায় সংঘাত নতুন মাত্রা পেল।
মার্কিন যুক্তরাষ্ট্রের তেলবাহী জাহাজে ফের হামলা চালাল ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইরাকের জলসীমার ভিতরে প্রবেশ করে এই হামলা চালিয়েছে তেহরান। এর ফলে এক জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিহত ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা না হলেও তিনি ভারতীয় বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।
রিপোর্ট অনুসারে, ইরাকের খোর আল জুবের বন্দরের কাছে যে জাহাজে হামলা চালানো হয় সেটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী মার্কিন জাহাজ ‘সেফসি বিষ্ণু’। হামলার সময় ওই জলযানটিতে অন্তত ২৮ জন ছিলেন। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন একাধিক। আহতদের উদ্ধার করে ইরাকের বসরা শহরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে কী ভাবে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। ‘আত্মঘাতী নৌকা’ দিয়ে ওই হামলা চালিয়ে থাকতে পারে তেহরান। অন্য আরেকটি সূত্রের দাবি, জলের নীচে থাকা ড্রোন দিয়েও হামলা চালানো হয়ে থাকতে পারে।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে ইরাকের তরফে। দেশটির বন্দরগুলির ডিরেক্টর জেনারেল ফারহাদ আল-ফারতৌসি জানান, হামলায় এক জন নিহত হয়েছেন। কী দিয়ে এই হামলা চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সমুদ্রের তলা দিয়ে ড্রোন বা ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়ে থাকতে পারে বলে অনুমান তাঁর।
