ওঙ্কার ডেস্ক: ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে মৃত্যু হয়েছে অন্তত ১৫ জন সদ্যোজাত শিশুর। বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
দমকল সূত্রে খবর, আগুন লাগার সময় ওয়ার্ডে ছিল ১৬ জন সদ্যোজাত শিশু। আগুনের হাত থেকে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের কম্প্রেসার বিস্ফোরণ ঘটে এই আগুন লাগে। তবে আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। দমকল বাহিনী বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুদের মধ্যে ১৪ জন সম্পূর্ণ দগ্ধ হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও হাসপাতালের ওই অংশে এখনও তীব্র তাপ রয়েছে। তাই শুরু হয়েছে ‘কুলিং অপারেশন’। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে ওই কমিটি ঘটনার তদন্ত করবে। কীভাবে আগুন লাগল এবং নিরাপত্তার কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।প্রধানমন্ত্রীর তরফে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শিশুদের ক্ষেত্রে এমন ঘটনা অপূরণীয় ক্ষতি।