ওঙ্কার ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু। ক্যাম্পাসের পুকুরে পড়ে গিয়েছিল ওই পড়ুয়া, পরে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ের স্নাতক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিল ওই তরুণী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম অনামিকা মণ্ডল। বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসের মধ্যে চার নম্বর গেটের কাছে একটি গানের আসর বসেছিল। গৌর দাস বাউল ও তাঁর দলকে নিয়ে ‘ড্রামা ক্লাব’ সেই অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে অংশ নিয়েছিল বর্তমান পড়ুয়া ও প্রাক্তনীদের অনেকে। সেই অনুষ্ঠান চলাকালীন রাত ১০ টা ২০ নাগাদ দেখা যায়, ওই পড়ুয়া অচৈতন্য অবস্থায় পুকুরে ভাসছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ছাত্রছাত্রীরা। সিপিআর ও জল বার করার চেষ্টা করে তারা। কিছু ক্ষণের মধ্যে কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনামিকাকে। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
কী কারণে ওই ছাত্রীর মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। অন্য দিকে মেয়েকে হারিয়ে শোকে পাথর মৃতার পরিবার। অনামিকার বাবা বলেন, ‘আমরা কোনও অভিযোগ করিনি, যা করার পুলিশ করবে। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে। আমি জানি না কীভাবে এমন হল।’
