নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : সীমান্তবর্তী এলাকায় বেআইনি বালি পাচার রুখতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। পরিবেশ ও সরকারি রাজস্ব রক্ষায় একাধিক জায়গায় বাড়ানো হয়েছে নাকা চেকিং। সেই তৎপরতার জেরেই বড় সাফল্য পেল ঝাড়গ্রাম জেলা পুলিশ।
ভিনরাজ্য ঝাড়খন্ড থেকে অবৈধভাবে বালি নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের সময় দুটি বালি বোঝাই ট্রাক্টর আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে জামবনি ব্লকের চিল্কিগড় গ্রাম পঞ্চায়েতের হিজলি এলাকায়। অভিযানে গ্রেফতার করা হয়েছে দুই চালককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে দেখা যায়, আটক ট্রাক্টর দু’টির কাছে বালি তোলার কোনও বৈধ অনুমতিপত্র বা চালান ছিল না। এরপরই ট্রাক্টর দু’টি বাজেয়াপ্ত করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুই চালককে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম আদিত্য নায়েক ও রুপেন বেহারা। তাঁদের বাড়ি ঝাড়খন্ড রাজ্যের বহড়াগোড়া থানার অন্তর্গত মধুয়াবেড়া গ্রামে বলে পুলিশ জানিয়েছে। পরে তাঁদের ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হয়।
এই প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গুলাম সারোয়ার জানান, অবৈধ বালি পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভিনরাজ্যের সঙ্গে বাংলার সীমান্তবর্তী এলাকাগুলিতে নিয়মিত নাকা চেকিং চালানো হচ্ছে এবং বিশেষ নজরদারি রাখা হয়েছে। তিনি আরও জানান, আটক গাড়ি দু’টির কোনও বৈধ নথি না থাকায় সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং দুই চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী দিনেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
