ওঙ্কার ডেস্কঃ কলকাতার মেট্রোর মুকুটে নতুন পালক। মেট্রোয় বিপ্লব। পার্পল লাইন অর্থাৎ জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ তৈরি হল। মাত্র এক বছরের মধ্যে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পর্যন্ত প্রথম পর্যায়ের সুড়ঙ্গ খোঁড়ার কাজ সাফল্যের সঙ্গে শেষ করল টানেল বোরিং মেশিন ‘দুর্গা’। সূত্রের খবর, মাটির নীচে ১.৭ কিলোমিটার রাস্তা খুড়েছে। কোনও ক্ষয় ক্ষতি ছাড়াই এই কাজ সম্ভব হয়েছে। পাতাল পথে এহেন সাফল্যে উচ্ছ্বসিত এই রুটের কাজে যুক্ত সকলেই।
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন সূত্রে খবর, খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত ২.৬৫ কিলোমিটার দীর্ঘ যুগ্ম সুড়ঙ্গ তৈরি করছে চেন্নাই থেকে আনা দুটি টিবিএম, ‘দুর্গা’ এবং ‘দিব্যা’। ৯০ থেকে ৯৫ মিটার লম্বা এবং প্রায় ৬০০ থেকে ৬৫০ টন ওজনের এই নতুন প্রজন্মের টিবিএম দক্ষ ও নিরাপদ। প্রতি মিনিটে ৮০ মিলিমিটার গতিতে মাটি ফুঁড়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এগুলির। ‘দুর্গা’ এগিয়ে চলেছে পার্ক স্ট্রিটের অভিমুখে আর ‘দিব্যা’ ব্যস্ত জোকামুখী সুড়ঙ্গ তৈরিতে।
মেট্রো কর্তৃপক্ষর আশা, ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যেই ‘দুর্গা’-র অংশের সুড়ঙ্গ খনন সম্পূর্ণ হয়ে যাবে। কলকাতার ভূগর্ভের মাটির প্রকৃতির কথা মাথায় রেখেই এই নতুন মেশিন দুটি তৈরি করা হয়েছে। মেট্রো রেলের আধিকারিকরা জানিয়েছেন, মাটির নিচে কাজ করার সময় যাতে কোনওরকম ধস বা বিপত্তি না ঘটে, তার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে অতিরিক্ত টিএসজি পাম্পও।