ওঙ্কার ডেস্ক: তুরস্কের সাহায্য নিয়ে বাংলাদেশের উত্তর প্রান্তের জেলা বগুড়ায় সামরিক ড্রোন কারখানা গড়তে চলেছে ঢাকা। তারেক রহমানের সরকারের এই উদ্যোগে আর্থিক ও প্রযুক্তি সহায়তা করছে তুরস্ক। বগুড়া বাংলাদেশের সীমান্তবর্তী জেলা। এপারে রয়েছে ভারতের মালদা জেলা। কাঁটাতার লাগোয়া জেলায় এই ড্রোন কারখানা নির্মাণের বিষয়টি নিয়ে ভারত সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে নয়াদিল্লির তরফে সতর্ক নজর রাখা হচ্ছে।
বাংলাদেশের বগুড়া কৃষি যন্ত্রপাতি তৈরির জন্য বিশেষভাবে পরিচিত। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মস্থান। তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা। সামরিক ড্রোন তৈরির জন্য বাবার জন্মস্থানের জেলাকে বেছে নিয়েছেন তারেক। বগুড়ার সঙ্গে ভারতের কোনও সরাসরি সংযোগ না থাকলেও পশ্চিমবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলা বগুড়ার সীমান্তের এপারে অবস্থিত। তাই সেখানে সামরিক ড্রোন কারখানা তৈরি স্বাভাবিক ভাবে ভারতের কাছে উদ্বেগের কারণ।
সম্প্রতি বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ড্রোন কারখানা তৈরির সিদ্ধান্ত জানানোর পাশাপাশি দেশের উত্তর প্রান্তে একটি নতুন বিমান ঘাঁটি তৈরির পরিকল্পনার কথাও জানান। ড্রোন কারখানাটি বগুড়া বিমানবন্দরের লাগোয়া জমিতে হবে। আর সেই সঙ্গে বিমানবন্দরটিকেও আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ দ্রুত করা হচ্ছে।