ওঙ্কার ডেস্ক: মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে দায়িত্ব নেওয়ার পর সরকারি বাসে মহিলাদের জন্য ভাড়া সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছেন। দিল্লি-সহ দেশের বেশ কিছু শহরে এই প্রকল্প চালু রয়েছে। এবার এই তালিকায় নাম লেখাতে চলেছে কেরল। আগামী ১৫ জুন থেকে দক্ষিণের এই রাজ্যে মহিলারা সরকারি বাসে উঠলে আর দিতে হবে না ভাড়া। শুক্রবার কেরল সরকার ঘোষণা করেছে, ১৫ জুন থেকে রাজ্যের সমস্ত মহিলা ‘কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন’-এর সাধারণ বাসগুলিতে বিনামূল্যে যাত্রা করতে পারবেন।
তিরুবনন্তপুরমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেরলের পরিবহন মন্ত্রী সিপি জন জানান, এই প্রকল্পের আওতায় প্রত্যেক মহিলা বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন। এর জন্য কোনো বিশেষ কার্ড বা সার্টিফিকেটের প্রয়োজন হবে না। এটি ‘কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন’ -এর সাধারণ বাসগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাঁর কথায়, ‘মহিলাদের বিনামূল্যে বাস ভ্রমণের সুবিধা দেওয়ার জন্য সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। কোনও বিশেষ কার্ড বা সার্টিফিকেটের প্রয়োজন হবে না। সকল নারীই বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। বর্তমানে কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এর আওতায় ৩,১২৫টি সাধারণ বাস রয়েছে।’ তিনি আরও জানান, ১৫ জুন সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ থাম্পানুর বাস স্টেশনে মুখ্যমন্ত্রী ভিডি সতীশন এই প্রকল্পের উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যে বাসটিকে দিয়ে পরিষেবার সূচনা হবে সেটি সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হবে। অর্থাৎ চালক এবং কন্ডাক্টর থাকবেন মহিলা। এই পরিষেবা চালুর ফলে অর্থনৈতিক ধাক্কার বিষয়টি মেনে নিয়ে পরিবহন মন্ত্রী বলেন, কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনকে একা এই বোঝা যাতে বহন করতে না হয় রাজ্য সরকার তা নিশ্চিত করবে।