স্পোর্টস রিপোর্টার : কলকাতা লিগে পিছল খেলো মোহনবাগান। এদিন নিজেদের ঘরের মাঠে ক্যালকাটা কাস্টমসের কাছে ১-০ গোলে হার মানলো সবুজ মেরুণ ব্রিগেড। ম্যাচের প্রথম থেকেই ছন্নছাড়া ফুটবল খেলে মোহনবাগান। প্রথমার্ধে শেষ হয় গোলশূন্য ব্যবধানে। সেকেন্ড হাফে কাস্টমস ও মোহনবাগান বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলিকে গোলে পরিণত করতে ব্যর্থ হয়। সুহেল ভাট গোল করতে পারেননি। ম্যাচের ৭৭ মিনিটে কাস্টমস বল জালে জড়ালেও সেই গোলটি বাতিল করে দেন রেফারি। দীপেন্দু বিশ্বাসকে ফাউল করার অভিযোগে ফাউলের বাঁশি বাজিয়ে মোহনবাগানের পক্ষে সিদ্ধান্ত দেন তিনি। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠে কলকাতা কাস্টমসের রিজার্ভ বেঞ্চ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লাল কার্ড বের করেন রেফারি।

তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি কাস্টমসের। ম্যাচের শেষদিকে মোহনবাগানের রোশন সিং বক্সের ভিতরে হাত দিয়ে বল স্পর্শ করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট-কিক থেকে কোনও ভুল না করে রাহুল সোরেন গোল করে কাস্টমসকে এগিয়ে দেন। ম্যাচের সেই সময়ে গোল খাওয়ার পর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি মোহনবাগান। এই হারের ফলে লিগে ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগানের ব্যবধান আরও বেড়ে গেল। লিগে অনেকটাই পিছিয়ে গেল সবুজ-মেরুন।