ওঙ্কার ডেস্ক: বিক্ষিপ্ত বৃষ্টি চলছে রাজ্যজুড়ে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলায় রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
রবিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাতাসে জলীয়বাষ্পর পরিমাণ বেশি থাকায় গরমের অস্বস্তি বজায় থাকবে।
রবিবার প্রায় সারাদিনই শহর কলকাতার আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। যার জেরে ২ থেকে ৫ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।